‘ত্রয়োদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না’
- প্রকাশের সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 93
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। আপিল বিভাগের রায় অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরলেও আসন্ন নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হবে। জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা থাকায় বর্তমানে এটি সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেছেন যে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করবেন। এ বেঞ্চে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব রয়েছেন।
শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে রিট করা হয়, যা ২০০৪ সালে হাইকোর্টে খারিজ করা হয়। পরবর্তীতে ২০১১ সালে সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন পক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
























