পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু, এক মাস পর মুখ খুললেন থালাপতি বিজয়

- প্রকাশের সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 97

তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর এক মাসের বেশি সময় পর জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মুখ খুলেছেন। বুধবার (৫ নভেম্বর) তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন।
বিজয় বলেন, “আমাদের পরিবারের সদস্যদের হারানোর বেদনায় এতদিন আমি গভীর শোকে ছিলাম। এমন এক যন্ত্রণায় ছিলাম যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই কঠিন সময়ে আমাদের মানুষের পাশে থাকা আমার কর্তব্য ছিল। আমার নীরবতাকে কিছু মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করেছে, কিন্তু আইন ও সত্যের শক্তিতে এগুলো ভেঙে পড়বে।”
তিনি আরও অভিযোগ করেন, টিভিকে বিভিন্ন জেলায় সভাস্থলের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়েছে। বড় জায়গা চাইলেও ইচ্ছাকৃতভাবে ছোট ও সংকীর্ণ স্থান বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মানুষের ভিড়ে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে।
বক্তৃতার শেষভাগে বিজয় বলেন, “প্রকৃতি ও ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে এবং মানুষ পাশে থাকলে আমাদের থামানোর শক্তি কারও নেই। এই বাধাগুলো সাময়িক, আমরা এগুলো ভেঙে এগিয়ে যাবো। আমাদের যাত্রা থামবে না।”






















