তৃতীয় বিয়ের পর ফারিয়া বুঝলেন ‘এটা গর্ব করার বিষয় না’

- প্রকাশের সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 121

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের এই বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গতকাল (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফারিয়া লিখেছেন, কেউই এই ভেবে বিয়ে করেন না যে একদিন সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে সবাই চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখতে। যতই শক্তিশালী বা সফল হই না কেন, মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে—যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।
তিনি বলেন, যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখার জন্য বিশাল সাহস লাগে। নতুন করে শুরু করা শক্তি দাবি করে, লজ্জা নয়।
অনুরাগীদের উদ্দেশে ফারিয়া বলেন, “দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।”
জীবনের অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।”
অভিনেত্রী বলেন, নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা ও সাহস নিয়ে পথচলা—যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের প্রতি নতুন আস্থা।






















