শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ
- প্রকাশের সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 98
ভয়াবহ আগুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রপ্তানির পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হলেও বিশেষ ব্যবস্থায় তা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এনবিআর-এর জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মেইনটেন্যান্স) স্থান ব্যবহার করে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে ঢাকা কাস্টম হাউস।
কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে এবং ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করে খালাস প্রক্রিয়া চালু করেছে।
উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়। রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আমদানি করে রাখা প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।





















