জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই বিনা নোটিশে সাইট ব্লক
- প্রকাশের সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 89
সরকার জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করলে সেসব সাইট বিনা নোটিশে ব্লক করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল বা ওয়েবসাইটে এই ধরনের কনটেন্ট প্রচারিত হয়, তবে তা বিনা নোটিশে ব্লক করা হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যম তাদের বিজ্ঞাপন ব্যবস্থা পরিবর্তন করেছে।
সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখার জন্য সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই এবং বিএফআইইউ-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।





















