জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রোববার
- প্রকাশের সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 90
জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রোববার
তিন দফা দাবিতে রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘জুলাই যোদ্ধা সংসদ’।
শুক্রবার (১৭ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক মাসুদ রানা সৌরভ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের ওপর হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলা শহরে মহাসড়ক অবরোধ করা হবে।”
তিনি আরও জানান, আহত জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষকে অবরোধে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জুলাই যোদ্ধাদের তিন দফা দাবি হলো—
১. জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি,
২. আহত ও পঙ্গুদের ‘বীর’ মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি,
৩. আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ এবং হামলা-হয়রানি বন্ধে দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন।
এর আগে শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় তারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল থেকেই ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে ভেতরে প্রবেশ করে স্লোগান দিতে থাকেন।





















