রাকসু নির্বাচনে ১৬ হলের ফলাফলে এগিয়ে শিবির
- প্রকাশের সময় : ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 113
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হচ্ছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৭টি হলের মধ্যে ১৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব হলে বেশিরভাগ পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির, আর তলানিতে রয়েছে ছাত্রদল।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ১৬ হলের সবকটিতেই ভিপি (সভাপতি) ও এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী। বড় তিনটি পদেই (ভিপি, জিএস, এজিএস) কোনো হলে জয় পায়নি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচন কমিশন সকালে এসব তথ্য জানায়।
কমিশনের হিসাবে, মেয়েদের ৬টি ও ছেলেদের ৯টি হলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১১,০৫১ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর পেয়েছেন ৩,১৯৫ ভোট।
জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১০,৮৬৬ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৫,৪৭৯ ভোট।
এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৬,৫৬৯ ভোট, আর ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৭০২ ভোট।


























