ভালো ড্রেস না থাকায় কোনো অনুষ্ঠানে দাওয়াত পেতাম না : মারুফা
- প্রকাশের সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 113
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের এই পথ তার জন্য ছিল না সহজ। দারিদ্র্য ও সমাজের কটূ কথার বিরুদ্ধে লড়ে উঠেছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুরের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম মারুফার। ছয় সদস্যের পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী। বাবার সঙ্গে মাঠে বর্গা চাষে সাহায্য করতেন তিনি। সেই সময় ভালো জামাকাপড় না থাকায় সামাজিক কোনো অনুষ্ঠানেও দাওয়াত পেতেন না।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারুফা বলেন,
“কোথাও যদি বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো, আমাদের দাওয়াত দিত না। বলতো, ওদের ড্রেস নাই, গেলে মান-সম্মান থাকবে না। একটা সময় ছিল, ঈদেও নতুন জামা কিনতে পারিনি।”
তিনি আরও বলেন, “আমার বাবা কৃষক ছিলেন, টাকার অভাবে অনেক কষ্ট হয়েছে। মা’কে অনেকে খারাপ কথা বলতো, মা কাঁদতো, আমিও লুকিয়ে কাঁদতাম। তখন ভাবতাম, একদিন ভালো কিছু করে দেখাব।”
এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। কঠিন সময় পেরিয়ে আজ দেশের হয়ে বিশ্বমঞ্চে লড়ছেন তিনি।
“এখন আমি যেভাবে পরিবারকে সাহায্য করতে পারছি, সেটা অন্যরকম শান্তি দেয়,”—বলেছেন মারুফা।
অদম্য এই ক্রিকেটার এখন বাংলাদেশ নারী দলের পেস আক্রমণের অন্যতম ভরসা।























