বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাংলাদেশের
- প্রকাশের সময় : ০৮:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 78
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল। শুক্রবার গোয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে কিউই নারী দলের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ১০০ রানের বড় পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
ব্যাটিং বিপর্যয়ে শুরু থেকেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার রুবায়া হায়দার ও শারমিন আক্তার সিঙ্গেল ডিজিটে আউট হন। এরপর সোবহানা মোস্তারিও (২), অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪) এবং সুমাইয়া আক্তার (১) দ্রুত ফিরে গেলে দলীয় স্কোর দাঁড়ায় ৩০ রানে ৫ উইকেট।
৩৩ রানে ৬ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার। তারা দুজন ৩৩ রানের জুটি গড়েন। নাহিদা ১৭ রান করে আউট হলে ফাহিমা রাবেয়াকে নিয়ে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ফাহিমা করেন ৩৪ এবং রাবেয়া ২৫ রান।
নিউজিল্যান্ডের হয়ে জেস কার ও লিয়া তাহুহু ৩টি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নারী দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২২৭ রান। দলের হয়ে ব্রুক হালিডে করেন ৬৯, সোফি ডিভাইন ৬৩ এবং ম্যাডি গ্রিন ২৮ রান। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন সর্বোচ্চ ৩ উইকেট।























