আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি
- প্রকাশের সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 84
লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয় এবং আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ তারা বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ জানান, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তিনি বলেন, “তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।”
দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটকে পড়া বা বিপদে থাকা আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে।





















