৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা
- প্রকাশের সময় : ০৮:০০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 90
৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১০ অক্টোবর)। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। উত্তরপত্রে চারটি সেট থাকবে—সেট ১, ২, ৩ ও ৪। প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ দুপুর ১২টার আগে কেউ পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না; কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।
পরীক্ষার হল পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না বলে জানিয়েছে পিএসসি। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কমিশনের পক্ষ থেকে শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার জন্য পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
এই পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় দুই ঘণ্টা।
৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিচ্ছেন প্রায় তিন লাখ ১২ হাজার প্রার্থী। ৬৫৩টি সরকারি সাধারণ কলেজ প্রভাষক পদ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে আরও ৩০টি পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ প্রতি পদের বিপরীতে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শন ও রসায়নে ৩০টি করে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদ রয়েছে।





















