গাজার পথে শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ল ‘ইসরাইলি সামরিক বিমান’
- প্রকাশের সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 73
বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ একদল সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী গাজার উদ্দেশে যাত্রা করা একটি জাহাজে রয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে ভূমধ্যসাগরে গাজামুখী ওই জাহাজ ‘কনশানস’-এর ওপর দিয়ে একটি সামরিক বিমান উড়ে যায়। ধারণা করা হচ্ছে, সেটি ইসরাইলের বিমান।
জাহাজে থাকা অধিকারকর্মী উইলিয়াম আলেকজান্ডার বলেন, “আমাদের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে একটি বড় সামরিক বিমান সরাসরি মাথার ওপর দিয়ে উড়ে গেল। আমরা শতভাগ নিশ্চিত না হলেও মনে করছি, এটি ইসরাইলের বিমান। তারা হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে।”
লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানটি উড়ে যাওয়ার সময় জাহাজের যাত্রীরা সতর্ক হয়ে পড়েন। একজন বলেন, “সতর্ক থাকুন, ধীরে ধীরে এগোন। তাদের আমাদের সঙ্গে খেলতে দেবেন না।”
ওই জাহাজে থাকা চিকিৎসা সামগ্রী ও ওষুধ সম্পর্কে উইলিয়াম জানান, “আমাদের সঙ্গে বিপুল পরিমাণ ওষুধ ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম রয়েছে, যা গাজায় নিয়ে যাচ্ছি।”
জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলেইন হাবিব বলেন, “আমি আশা করছি, এবার আমরা গাজায় পৌঁছাতে পারব। আমরা শুধু মানবিক করিডর নয়, এমন একটি স্থায়ী করিডর চাই যেখানে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে সমুদ্রে বাণিজ্য করতে পারবে।”
মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েস বলেন, “বিশ্ব সম্প্রদায়কে এখন একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ উন্মুক্ত হয়।”
‘কনশানস’ জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)-এর অংশ, যারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরাইলের অবরোধ ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে।























