শেখ হাসিনার মামলাসহ ৬টির রায় হতে পারে চলতি বছরেই
- প্রকাশের সময় : ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 92
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের আগে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টাই চালিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে চালানো হয়েছিল হত্যাকাণ্ড ও নির্যাতন। পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলার রায় চলতি বছরই ঘোষণা হতে পারে।
শেখ হাসিনাসহ তিনজনের মামলা ছাড়াও আরও পাঁচটি মামলায় সাক্ষ্যগ্রহণের কাজ শেষ পর্যায়ে। রাষ্ট্রপক্ষের আশা, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই ছয় মামলার কার্যক্রম শেষ হবে। রায় এ বছর অথবা আগামী জানুয়ারিতে ঘোষণা হতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ চারটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ। তদন্ত কর্মকর্তার জেরা শেষে যুক্তিতর্ক হবে, তারপর রায়ের দিন ঘোষণা করবে ট্রাইব্যুনাল।
ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “রাষ্ট্রপক্ষের ৫৩ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এখন আইও’র জেরা চলছে। অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে।”
তিনি আরও বলেন, “নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ছয়টি মামলার কার্যক্রম শেষ হবে বলে আশা করছি। রায় ঘোষণার এখতিয়ার আদালতের, তবে আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।”
শেখ হাসিনাসহ তিনজনের মামলা
এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং প্রয়াত লেখক বদরুদ্দীন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। মামলার কার্যক্রম অক্টোবরের মধ্যে শেষ হয়ে নভেম্বর বা ডিসেম্বরে রায় হতে পারে বলে ধারণা প্রসিকিউশন সূত্রের।
চানখাঁরপুলে ৬ জনকে হত্যার মামলা
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল-১ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা
২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচটি মরদেহ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যার মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-২ এ। ১৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার এবং বাকি আটজন পলাতক।
আবু সাঈদ হত্যা মামলা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার। তাদের মধ্যে তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ শিক্ষক, ছাত্রলীগ নেতা ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
রামপুরা হত্যাকাণ্ডের মামলা
রামপুরায় জুলাই আন্দোলনের সময় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ১৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের মামলা
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ গঠনের শুনানির তারিখ ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম বলেন, “আশুলিয়া ও আবু সাঈদের মামলার সাক্ষ্যগ্রহণ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।”
তিনি আরও বলেন, “সব মামলায় পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আছে। আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।”






















