ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- প্রকাশের সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 94
চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার পাশে শতাধিক কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের পর তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনরত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রায় ৪০০ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন এবং আরও পাঁচ হাজার কর্মকর্তা ওএসডি অবস্থায় রয়েছেন। এসব অন্যায়ের প্রতিকার চেয়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।
তাদের ছয় দফা দাবি হলো—
১. বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল।
২. ‘পানিশমেন্ট ট্রান্সফার’ বন্ধ।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ।
৪. শর্তযুক্ত অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ।
৫. চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর নির্যাতনের তদন্ত ও দোষীদের শাস্তি।
৬. কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলা ও জিডি প্রত্যাহার।























