এমন নির্বাচন চাই, যা বাংলাদেশ আগে কখনো দেখেনি : প্রধান উপদেষ্টা
- প্রকাশের সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 118
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে বড় প্রচারাভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা চাই ২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচন হোক মুক্ত, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক—যেমনটা বাংলাদেশ আগে কখনো দেখেনি। বিশেষত নারীদের স্বাগত জানাতে আমরা ব্যাপক প্রচারণা চালাব।”
সোমবার নিউইয়র্কে মানবাধিকার কর্মীদের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের নির্বাচন প্রস্তুতি, সংস্কার প্রক্রিয়া এবং মানবাধিকার নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, গত বছর সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং জাতিসংঘের অধীনে একটি মানবাধিকার মিশন গঠনের প্রক্রিয়া চলছে। এছাড়া, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, ১১টি কমিশন গঠন করা হয়েছে মূল খাতগুলোতে সংস্কারের সুপারিশ দেওয়ার জন্য এবং একটি জাতীয় ঐকমত্য কমিশন এসব সুপারিশের ওপর কাজ করছে। অক্টোবরের মধ্যে বড় ধরনের সাংবিধানিক সংস্কারের প্রস্তাবনা সংবলিত ‘জুলাই চার্টার’ রাজনৈতিক দলগুলো সই করবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিপুল অর্থ ব্যয় হচ্ছে এবং এর সুবিধাভোগী খুবই সংগঠিত। তিনি মানবাধিকার সংগঠনগুলোকে অর্থপাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটনসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা।






















