শ্রীলঙ্কার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে জিতল ভারত
- প্রকাশের সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 73
এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচ হলেও শ্রীলঙ্কা-ভারতের দ্বৈরথ জমে উঠেছিল টানটান উত্তেজনায়। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ২০২ রান করে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই জয় পায় সূর্যকুমার যাদবের ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। অভিষেক শর্মা ৩১ বলে ৬১, সঞ্জু স্যামসন ৩৯ ও তিলক ভার্মা অপরাজিত ৪৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৫ বোলারই একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ব্যর্থ হলেও লঙ্কানদের হয়ে ইতিহাস গড়েন পাথুম নিশাঙ্কা। তিনি ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় খেলেন ১০৭ রানের দারুণ ইনিংস। কুশল পেরেরার সঙ্গে তার ১২৭ রানের জুটি ম্যাচকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নেয়। তবে নির্ধারিত ওভারে ২০২ রানেই থামে লঙ্কানদের ইনিংস।
সুপার ওভারে ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ২ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই সূর্যকুমার যাদব ও শুভমান গিল দৌড়ে সংগ্রহ করেন সেই রান।
এ জয় দিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। টি-টোয়েন্টিতে এটিই শ্রীলঙ্কার ষষ্ঠ সুপার ওভার, যেখানে চতুর্থবারের মতো হারল তারা। বিপরীতে ভারত সুপার ওভারে জিতল ষষ্ঠবার।






















