ট্যাক্স দিয়ে সেবা না পেলে মানুষ ‘গোসা’ করবেই : অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 93
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাই তারা কিছুটা ‘গোসা’ করবেই। তিনি বলেন, “ট্যাক্স দিলাম, আর সেবা পেলাম না। সেবা ভালো দিলে আমরা ট্যাক্সও বেশি দিতে পারি।”
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যৌথ সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ। তিনি দেশের অর্থায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন না হওয়াকে উল্লেখ করেন।
ড. সালেহউদ্দিন বলেন, দেশের আর্থিক খাত অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। তিনি শক্তিশালী পুঁজিবাজার, সুকুক বন্ড সম্প্রসারণ এবং বিমা খাতের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে সরকারি ও বেসরকারি প্রকল্পগুলোর অর্থায়নে ব্যাংকের ওপর চাপ কমানো যায়।
তিনি আরও বলেন, মানুষকে মনে রাখতে হবে যে তারা কর প্রদান করে বিনিময়ে সেবা পাচ্ছে। এটাই ভালো শাসনব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা।
সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















