শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন নাহিদ
- প্রকাশের সময় : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 116
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেলে নাহিদের আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে তা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আজকের সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
প্রসিকিউশন জানিয়েছে, নাহিদের জবানবন্দি শেষে এ মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে। এ মামলায় এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।






















