স্বাগতিকদের বিদায় করে সুপার ফোরে পাকিস্তান
- প্রকাশের সময় : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 203
ছোট পুঁজি নিয়েও বড় জয় তুলে নিলো পাকিস্তান। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে জায়গা করে নিয়েছে সালমান আগার দল। এই জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো পাকিস্তান, বিদায় নিল আমিরাত।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৪৬ রান। ফখর জামানের ফিফটি (৩৬ বলে ৫০) আর শেষ দিকে শাহিন আফ্রিদির ঝড়ো ইনিংস (১৪ বলে ২৯*) দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। আমিরাতের জুনায়েদ সিদ্দিকি মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন, সিমরানজিত সিংয়ের শিকার ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক আমিরাত। রাহুল চোপড়া ৩৫ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ সঙ্গ দিতে পারেননি। পাকিস্তানের শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট।
এই জয়ে পাকিস্তান সুপার ফোর নিশ্চিত করলেও ব্যাটিং ব্যর্থতা আবারও চোখে পড়েছে দলের।






















