উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 103
সেবা খাতে দুর্নীতি সবচেয়ে বেশি বিদ্যমান উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, সে জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে এবং এটাকে চা-নাশতা খাওয়ার টাকা বলতে হয়েছে।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
ড. সালেহউদ্দিন বলেন, মানুষ সেবা থেকে নিস্তার চায়। দয়া করে মানুষকে ভালো সেবা দিন। সেবা ভালো হলে মানুষ তার যথাযথ মূল্য দিতেই আগ্রহী হবে।
তথ্যপ্রযুক্তি খাতে অতিরিক্ত বিদেশ নির্ভরতার সমালোচনা করে তিনি বলেন, “আইটি সেক্টরে ডেভেলপমেন্টের কথা উঠলেই অনেকে বিদেশি হার্ডওয়্যার বা হায়ারিং-এর দিকে ঝুঁকে পড়ে। এতে খরচ বাড়ে, কাজের চেয়ে কথা বেশি হয়। যদিও অনেকে ভালো কাজ করে, কিন্তু কারও এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকে।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, আইনজীবীরা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। অথচ সহজভাবে সেবা দিলে ক্লায়েন্টরা আন্তরিকতার সঙ্গে একই টাকা দিত। তিনি মনে করেন, বিনা পয়সায় সেবা দেওয়া সম্ভব নয়, তবে আন্তরিক সেবা দিলে মানুষ সঠিক মূল্য দিতে আপত্তি করবে না।
এনবিআরের আয়কর রিটার্ন অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, “আয়কর আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায় গতিশীল হবে। অনলাইন ভিত্তিক কাজ হলে ব্যক্তি ও সরকারি—উভয় পর্যায়েই সবার জন্য উপকার বয়ে আনবে।”




















