প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ওষুধ কম্পানির প্রতিনিধিরা
- প্রকাশের সময় : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 99
সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কার্যক্রম সীমিত করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে দুই দিন—শুধু সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত—প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ করা বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না। সাক্ষাতের সময় সবার গলায় নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।
নির্দেশনায় মোট আটটি বিধিনিষেধ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
-
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি ওষুধ কোম্পানির সিল ব্যবহার করা যাবে না (শুধুমাত্র বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল অনুমোদিত)।
-
চিকিৎসকদের টেবিলে ওষুধ কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখা যাবে না।
-
নির্ধারিত সময় ছাড়া কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে থাকতে পারবেন না।
দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় নিয়ে অভিযোগ ছিল। এতে রোগীরা ভোগান্তিতে পড়তেন এবং কর্মপরিবেশ ব্যাহত হতো। পাশাপাশি চিকিৎসকদের ওপর প্রভাব খাটিয়ে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করানোর অভিযোগও উঠে আসে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে এই নতুন নির্দেশনা জারি করা হলো।






















