রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে ২ যাত্রী নিহত

- প্রকাশের সময় : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / 245

জনতার আদালত অনলাইন ॥ ঈদের ছুটিতে ত্রিচক্রযান মাহেন্দ্র পরিবহনে বাড়ি ফিরছিলেন দুই গার্মেন্টকর্মী। মাহেন্দ্রটি দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বড়পুল এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। তারা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল জোয়ার্দারের ছেলে আজিজুল জোয়ার্দার ও ধলহরাচন্দ্র গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমান। তারা দুজনেই ঢাকার একটি গার্মেন্ট কারখানার শ্রমিক বলে জানা গেছে। এ দুর্ঘটনায় শামীম নামে আরও একজন আহত হয়েছে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদ উপলক্ষে সবাই ঢাকা থেকে বাড়ি ফিরছিল। ভোরের দিকে পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসে। দৌলতদিয়া থেকে ১০ জন যাত্রী মাহেন্দ্রটি পাংশা যাচ্ছিল। রাজবাড়ী শহরের বড়পুল এলাকার পরিবহন মালিক গ্রুপ কার্যালয় অতিক্রম করার সময় মাহেন্দ্রটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় । স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় মাহেন্দ্র চালককে আটক করা হয়েছে।
























