ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো

- প্রকাশের সময় : ১২:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
- / 2

- দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি।
- এর মধ্যেই নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন লাউতারো মার্তিনেজ।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে মিশে আছে দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকার নাম। মেসির অবসরের পর সেই জার্সির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। কেউ চাইছেন আরও কিছুদিন জার্সিটি কাউকে না দেওয়া হোক, আবার কেউ দেখছেন নতুন প্রজন্মের কোনো প্রতিভাবান ফুটবলারকে।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
এর মধ্যেই নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক স্বীকার করেছেন, সুযোগ পেলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি পরতে চান তিনিও। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ম্যারাডোনা ও মেসির স্মৃতিবিজড়িত এই জার্সির গুরুত্ব কতটা।
শনিবার ইতালিয়ান সিরি ‘আ’তে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। সেই ম্যাচে একটি গোল করেছেন লাউতারো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
আগামী দিনে মেসির রেখে যাওয়া জার্সিটি পরতে চান কি না, এমন প্রশ্নে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘জানি না… অবশ্যই এটা বিশেষ একটা সংখ্যা। আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জার্সি পরেছেন দিয়েগো (ম্যারাডোনা)। এরপর ছিল লিওর (মেসি), যে আমার কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ওর সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি।’
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
এরপর ১০ নম্বর জার্সি পরার ইচ্ছার কথা আরও স্পষ্টভাবে জানান ইন্টার অধিনায়ক, ‘এখনো কিছু জানি না আমরা। আগামী মার্চে যখন জাতীয় দল ঘোষণা করা হবে, তখন হয়তো দেখা যাবে কেউ ১০ নম্বর জার্সি পরছে কি না। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে জার্সিটি পরতে আমার খুব ভালো লাগবে।’
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনা নতুন নয়। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই সংখ্যাটি যেন তার পরিচয়েরই অংশ হয়ে উঠেছিল। এর আগে একই জার্সিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। ফলে তাদের পর যিনি এই জার্সি পরবেন, তাকে শুধু নিজের পারফরম্যান্স দিয়েই নয়, দুই কিংবদন্তির রেখে যাওয়া প্রত্যাশার সঙ্গেও মানিয়ে নিতে হবে।
লাউতারোর অবশ্য ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে। ইন্টার মিলানে এই সংখ্যার জার্সি পরেই নিয়মিত মাঠ মাতাচ্ছেন তিনি। ক্লাবের অধিনায়কত্বও করছেন। তবে জাতীয় দলের ১০ নম্বর জার্সির গুরুত্ব যে আলাদা, সেটি ভালোভাবেই জানেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।



















