দারুণ হ্যাটট্রিকে রোনালদিনিয়োকে ছাড়িয়ে পিচিচির দৌড়েও এগিয়ে রাফিনিয়া

- প্রকাশের সময় : ১২:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
- / 4

- বার্সেলোনার হয়ে গোলসংখ্যায় আগেই ছুঁয়েছিলেন স্বদেশি কিংবদন্তি রোনালদিনিয়োকে।
- দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার হয়ে তার গোল এখন ৯৭টি, আর চলতি লিগে ১৮টি।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বার্সেলোনার হয়ে গোলসংখ্যায় আগেই ছুঁয়েছিলেন স্বদেশি কিংবদন্তি রোনালদিনিয়োকে। এবার তাকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া। শুধু তা-ই নয়, এক ম্যাচে তিন গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও কিলিয়ান এমবাপের সঙ্গে ব্যবধান বাড়ালেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আর তাতে বড় জয়ও পেয়েছে তার দল বার্সেলোনা।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার হয়ে তার গোল এখন ৯৭টি, আর চলতি লিগে ১৮টি। পিচিচি ট্রফির লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা এমবাপের চেয়ে চার গোলে এগিয়ে গেলেন তিনি। রাফিনিয়ার এমন কীর্তির দিনে দেপোর্তিভোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে হান্সি ফ্লিকের দল।
রোববার দেপোর্তিভোর মাঠ রিয়াসোরে ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পাননি রাফিনিয়া। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের রক্ষণকে রীতিমতো ছিন্নভিন্ন করেছেন বার্সেলোনা অধিনায়ক। ৫০ মিনিটে প্রথম গোল করার পর ৮৩ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে আরও দুবার বল জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
রাফিনিয়ার প্রথম গোলটিই ছিল ব্যক্তিগত রেকর্ডের জন্য বিশেষ। বার্সেলোনার হয়ে এত দিন তার গোল ছিল ৯৪টি, যা রোনালদিনিয়োর সমান। দেপোর্তিভোর বিপক্ষে গোলটি করে স্বদেশি কিংবদন্তিকে ছাড়িয়ে যান তিনি। পরে আরও দুই গোল যোগ করে সংখ্যাটি নিয়ে যান ৯৭-এ।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
এর ফলে বার্সেলোনার ইতিহাসে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন রাফিনিয়া। তার সামনে রয়েছেন শুধু রিভালদো, এভারিস্তো ও নেইমার।
বার্সেলোনার হয়ে রিভালদোর গোল ১৩০টি। অন্যদিকে নেইমার ও এভারিস্তো করেছেন ১০৫টি করে। অর্থাৎ আর আট গোল করলেই নেইমার ও এভারিস্তোকে ছুঁয়ে ফেলবেন রাফিনিয়া। চলতি মৌসুমেই এই দুজনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।
ক্লাবের ইতিহাসে এগিয়ে যাওয়ার পাশাপাশি লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়েও নিজের অবস্থান শক্ত করেছেন রাফিনিয়া। ম্যাচের আগে লিগে তার গোল ছিল ১৫টি। দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিকের পর সেটি দাঁড়িয়েছে ১৮-তে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের এমবাপে করেছেন ১৪ গোল।



















