নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

- প্রকাশের সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 4

নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও তিন থেকে চার সদস্য পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপে করে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদ পেয়ে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
পরে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও দড়ি উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের অপর তিন থেকে চার সদস্য কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আগের আটটি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল। পালিয়ে যাওয়া সদস্যদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।























