খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল

- প্রকাশের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3

বেশ বড়সড় এক বোমাই ফাটালেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাজা। তাঁর দাবি, ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল। সেই টেস্টে অস্ট্রেলিয়া দলে ছিলেন খাজা।খাজা আরও দাবি করেছেন, কেপ টাউনের আগে পোর্ট এলিজাবেথ (বর্তমানে গেবেরা) টেস্টেও বল টেম্পারিংয়ের একই কৌশল ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া দল।ড্রেসিংরুমে অস্ট্রেলিয়া দলের তখনকার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসতেন খাজা। কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে সাজা খাটা ব্যানক্রফটের পাশে বসলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকারীরা কখনো খাজাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেননি। নিজের আত্মজীবনী ‘সবর’-এ এসব বিস্ফোরক দাবিই প্রকাশ করবেন খাজা। বইটি প্রকাশ হবে আগামী মঙ্গলবার। চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন খাজা।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
বইটির বিষয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে আগেই জানিয়েছেন খাজা। প্রতিষ্ঠিত লেখক বা সাংবাদিকের সাহায্য ছাড়াই বইটি নিজে লিখেছেন ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।আত্মজীবনী প্রকাশ হওয়ার তিন দিন আগে আজ ‘নাইন পেপার্স’কে সাক্ষাৎকার দেন খাজা। ২০১৮ সালে কেপ টাউনে সেই ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির ঘটনা সম্পর্কে বইটিতে কী থাকছে, তা সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। কেপ টাউনে বলে স্যান্ডপেপার (শিরীষ কাগজ) ব্যবহারের বিষয়টি পুরো দলেরই জানা ছিল এবং তার আগের টেস্টেও এটা ব্যবহার করা হয়েছিল বলে সাক্ষাৎকারে দাবি করেন খাজা। তাঁর ভাষায়, ‘আমরা সবাই (জড়িত) ছিলাম। শুধু ব্যাটার, বোলার কিংবা স্টাফ নয়, আমরা সবাই।’
এত দিন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার জন্য শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটই দায়ী ছিলেন। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ব্যানক্রফট নিষিদ্ধ হন ৯ মাস। সে সময় টেস্ট দলের সহ-অধিনায়ক ওয়ার্নারকে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সব ধরনের নেতৃত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যার সুবাদে বিগ ব্যাশে (বিবিএল) সিডনি থান্ডারকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান ওয়ার্নার।
২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে ব্যানক্রফট দাবি করেন, কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি বোলারদের জানা ছিল। এর জবাবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে এ বিষয়ে আগে থেকেই জানাশোনা অস্বীকার করেছিলেন। কামিন্স–লায়নরা দাবি করেন, ‘নিউল্যান্ডসের বড় পর্দায় ছবিগুলো না দেখা পর্যন্ত আমরা জানতাম না বলের অবস্থা পরিবর্তন করতে মাঠে কোনো বহিরাগত বস্তু নেওয়া হয়েছিল।’খাজা বলেছেন, তিনি নিজে সত্য প্রকাশকারী হতে চাননি। কিন্তু এই সত্য প্রকাশ করাকে নিজের দায়িত্ব বা অবশ্যকর্তব্য বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্ট, ৪০ ওয়ানডে, ৯টি টি–টুয়েন্টি খেলা খাজা। তাঁর ভাষায়, ‘আদর্শ পরিস্থিতিতে আমি এটা করতে চাইতাম না। এমন কেউ হতে চাইতাম না, যে সামনে এসে সত্যটা প্রকাশ করবে। সমস্যা হলো, আমি ভেবেছিলাম যে আট বছর পর এত দিনে সত্যটা এমনিতেই সামনে চলে আসবে।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
খাজা এরপর বলেন, ‘ভেবেছিলাম ডেভি (ওয়ার্নার) বিষয়টি ফাঁস করে দেবে অথবা অন্য কেউ এ নিয়ে আরও খোলামেলা কথা বলবে। তবে একদম শুরু থেকেই আমার অবস্থান ছিল—এর দায় সম্মিলিতভাবে নেওয়া উচিত।’নিজের অবস্থান পরিষ্কার করে খাজা আরও বলেন, ‘ম্যাচের পর ড্রেসিংরুমে আমি তাদের সঙ্গে কথা বলেছি। বলেছিলাম, “দল হিসেবে এটার দায় নাও।” আমরা দলগতভাবেই এটা করেছি। কী হচ্ছিল, তা আমরা জানতাম এবং দল হিসেবেই আমাদের এর দায় নিতে হবে—আমার অবস্থান সব সময়ই এমন ছিল। শেষ পর্যন্ত এতে কাজ হয়নি এবং ওই তিনজনকে শাস্তি দেওয়া হয়।’
বাতের ব্যথায় ১০ মিটারও হাঁটতে পারতেন না, করেছেন ১৬ সেঞ্চুরি
সাক্ষাৎকারে ওয়ার্নার, ব্যানক্রফট ও স্মিথের প্রতি সহমর্মিতা ঝরেছে খাজার কণ্ঠে, ‘গত আট বছরে আমি দেখেছি ডেভিকে (ওয়ার্নার) বারবার কতটা নির্মমভাবে বিদ্ধ করা হয়েছে…ও শুধু সহ্যই করে গেছে, একের পর এক সহ্য করে গেছে। আর ব্যাঙ্গার্স (ব্যানক্রফট) ওই ঘটনার পর অল্প দিন টেস্ট খেললেও তারপর আর কখনো দলে ফিরতে পারেনি। স্মিথের কথাও ধরা যাক…আমি জানি, ওই একটা বছর সবকিছু যেভাবে ঘটেছিল, তা সে কখনোই ভুলে যায়নি।’























