শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন
- প্রকাশের সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 6
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।
প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হলেও এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসবের ব্যাপ্তি এক দিন বেড়েছে। সূচি অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় বিদায় নেবেন। প্রতিবছরের মতো এবারও কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গার মর্ত্যে আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অসুর শক্তির বিনাশ ও অশুভের বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের প্রতীক হিসেবে দেবী দুর্গার পূজা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।
অন্যদিকে, ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজার আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা। পূজার দিনগুলোতে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে মণ্ডপগুলো। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উৎসব উদযাপনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।



















