স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ
- প্রকাশের সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 11
ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি যাত্রীবাহী কোচের তুলনায় মালবাহী কোচের সংখ্যা বাড়িয়ে বাংলাদেশ রেলওয়ের আয় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে রেলপথ ব্যবহার বাড়ানোর মাধ্যমে আয় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির প্রথম বৈঠকে এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপি।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী ও কমিটির সদস্য হাবিবুর রশিদ, সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান ও মো. গোলাম রব্বানী অংশ নেন।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়নের অগ্রগতিও উপস্থাপন করা হয়।
বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত মান অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রেলপথের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
সভাপতি তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। একই সঙ্গে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















