সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয়
- প্রকাশের সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
সারের ডিলার নিয়োগের জন্য জেলা পর্যায় থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে। ফলে ডিলারদের চূড়ান্ত নিয়োগের কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে পাওয়া তালিকা মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
আরো বলা হয়, সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য বা গুজব প্রচারিত হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
কৃষকদের কাছে সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার ২০২৬ সালের নতুন সমন্বিত নীতিমালার আওতায় সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে।
কৃষি মন্ত্রণালয় গত আগস্টে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ বাস্তবায়নের উদ্যোগ নেয়।
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের তথ্য প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করার হবে। এরপর যোগ্য প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় পর্যায়ে যাবে। সেখানে যাচাই শেষে ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে, নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে বিভিন্ন জেলায় আবেদনকারীদের মধ্যে নানা অভিযোগ ও আলোচনা তৈরি হয়েছে। অনেক জায়গায় তালিকা নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় বলেছে, চূড়ান্ত সিদ্ধান্ত বা নিয়োগ এখনো হয়নি। ইউএনবি









