মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিলের আদেশ হচ্ছে না আজ
- প্রকাশের সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 6
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ দিচ্ছেন না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আবুল কালামের আপিলের বিষয়ে আদেশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
এর আগে গত ৩১ আগস্ট আপিল বিভাগ ৭ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছিলেন। সেদিন আবুল কালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে আপিল বিভাগে করা আবেদনে আবুল কালাম বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করেন।
আবুল কালাম জামায়াতে ইসলামীর সাবেক সদস্য। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ ওঠার আগে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিচিতি পান।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৫ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবুল কালামের মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করা হয়। এর আগে তার দেশে ফেরার খবরও প্রকাশিত হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তিনি। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি তাকে সরবরাহ এবং আপিল বিভাগ যথাযথ আদেশ না দেওয়া পর্যন্ত তিনি যে অবস্থায় আছেন, সে অবস্থাতেই থাকার নির্দেশ দেন।





















