শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না : ভারত
- প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 6
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ভারত সরকার।
দেশটির কেন্দ্রীয় সরকার এ তথ্য লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে অবহিত করেছে।
সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ভার্চ্যুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা, বিভিন্ন বিবৃতি প্রদান এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার খবর প্রকাশিত হলেও ভারত সরকারের দাবি, তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি।
লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি জানিয়েছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ। সেই বিবেচনায় শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপিত কমিটির নবম প্রতিবেদনে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’। এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ বর্তমানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।
উল্লেখ্য, লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।






















