নারী শিক্ষা অবৈতনিক ও ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 49
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের সব মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। ধর্ম নয়, মানবতার ভিত্তিতে সব নাগরিককে মূল্যায়ন করা হবে।
প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরবর্তী চার বছরও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার ও সমাজ আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে ধর্মীয় পরিচয়ে নয়, মানবতার দৃষ্টিতে বিবেচনা করা হবে। জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি কোনো বাধাকেই পরোয়া করবে না।
এর আগে একই দিনে গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















