গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে : প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 50
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুকে যেমন যত্ন নিয়ে বড় করে তুলতে হয়, তেমনি রোপণ করা গাছেরও নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বাঁচলে পরিবেশ রক্ষা হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সহজ হবে।
সোমবার (১৩ জুলাই) সকালে একদিনের সরকারি সফরে বরিশালে গিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার দুটি অগ্রাধিকারমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এর একটি খাল খনন এবং অন্যটি বৃক্ষরোপণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দুটি কর্মসূচির সূচনা করেছিলেন, পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা এগিয়ে নেন। বর্তমান সরকারও এ কর্মসূচি অব্যাহত রাখবে।
তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, অনেককে পলিথিনসহ গাছের চারা রোপণ করতে দেখা গেছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাই চারা রোপণের আগে অবশ্যই পলিথিন খুলে মাটিসহ গাছটি রোপণ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশে আগের তুলনায় শীত কমছে, গরম বাড়ছে এবং বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আজ বরিশালে আড়াই হাজার চারা রোপণ করা হবে।
গাছের রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি শিশু জন্ম নিলেই যেমন বাবা-মায়ের দায়িত্ব শেষ হয় না, তেমনি গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হয় না। গাছগুলোকে বড় করে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের গাছ বড় হওয়া পর্যন্ত সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে চারা রোপণ করেন এবং ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর এদিন প্রথমবারের মতো সরকারি সফরে বরিশাল যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।




















