সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 24
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬৯টি শিশু।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৬৪টি এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৪টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮টি শিশুর প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯০টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ৮৭৯। একই সময়ে ৮৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০। এদের মধ্যে ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০ হাজার ৬০৫ জন।

























