পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, ভ্রাম্যমাণ আদালতে বখাটের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 5
নওগাঁর পত্নীতলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ৩০ জুন এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, দশম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত আবু রাইহান তাকে উত্ত্যক্ত (ইভটিজিং) করেন। বিষয়টি জানাজানি হলে পত্নীতলা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত আবু রাইহান (৩৪), পিতা মো. লুৎফর রহমান, গ্রামের বাড়ি উষ্টি, থানা পত্নীতলা, জেলা নওগাঁ। অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চোরাচালান নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে এবং পুলিশের সব ইউনিট এ কার্যক্রমে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।


















