কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 12
ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজ জেলার মধ্যবর্তী এলাকা কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ঝিনাইদহে বরাদ্দকৃত মেডিকেল কলেজটি জেলার ছয় উপজেলার যোগাযোগ সুবিধা বিবেচনায় কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কসংলগ্ন বেজপাড়ায় স্থাপন করা হলে জেলার অধিকাংশ মানুষ সহজেই চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদ। বক্তব্য দেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিসুর রহমান, সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম, কমিটির সদস্য হারুন অর রশিদ, ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ‘উষা’র সভাপতি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
বক্তারা বলেন, বেজপাড়ায় সরকারি পতিত জমি থাকায় সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে ভূমি অধিগ্রহণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। একই সঙ্গে কালীগঞ্জ জেলার মধ্যবর্তী এলাকায় হওয়ায় কোটচাঁদপুর, মহেশপুর এবং পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষেরও চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বেজপাড়ায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।























