মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 7
ঢাকার উপর চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুবিধাগুলো দেশের সব অংশেই পর্যায়ক্রমে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চাকরি, চিকিৎসা ও শিক্ষার মতো প্রয়োজনীয় সুবিধাগুলো ঢাকাকেন্দ্রিক হয়ে গড়ে উঠেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসব সুবিধার জন্য ঢাকায় আসে। এ পরিস্থিতি একদিনে তৈরি হয়নি এবং একদিনে পরিবর্তনও সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এতে মানুষের নিজ নিজ এলাকায় সুযোগ-সুবিধা বাড়বে এবং ঢাকামুখী মানুষের চাপ ধীরে ধীরে কমবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সারাদেশে সমানভাবে মৌলিক সুবিধা নিশ্চিত করা গেলে রাজধানীর ওপর চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।




















