মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
- প্রকাশের সময় : ০৯:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 102
টালিউডে নেমেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো টালিউড।
জানা গেছে, রবিবার পশ্চিমবঙ্গের তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন এবং হঠাৎ তলিয়ে যান। সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান। ভাস্কর বলেন, “জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া কঠিন।”
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—দুটি মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান।
বড়পর্দায় তার যাত্রা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। মুক্তির পরই ছবিটি বক্স অফিসে সাফল্য পায় এবং তাকে নতুন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে বাণিজ্যিক ও মূলধারার নানা সিনেমায় সমানতালে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’, যেখানে প্রতিটি কাজেই ভিন্ন চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তবে ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।
অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
এই অকাল প্রয়াণ বাংলা বিনোদন অঙ্গনে শোকের ছায়া ফেলেছে এবং সংশ্লিষ্টরা এটিকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছেন।
























