চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার
- প্রকাশের সময় : ১২:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 156
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।
জানা গেছে, ঋণ পুনঃতফসিলের পর সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্ট একটি আদেশ দেন। পরে ওই আদেশের কার্যকারিতা নিয়ে চেম্বার আদালতে আবেদন করা হলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এর আগে গত ১৮ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পর বিষয়টি আদালতে গড়ায়।
সর্বশেষ হাইকোর্টের আদেশের মাধ্যমে সরোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরে পাওয়ায় চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।




















