রাজবাড়ীতে গণিত ও বিজ্ঞান উৎসব
বিজ্ঞান বিষয়ক চমকপ্রদ প্রদর্শন দেখালো ক্ষুদে শিক্ষার্থীরা
- প্রকাশের সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 146
রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে অর্ণব বন্ধু শিকদার এমন একটি বিষয় প্রদর্শন করেছে যেটি বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বলে উঠবে। সে এটির নাম দিয়েছে ‘অটোমেটিক স্ট্রীট লাইট প্রজেক্ট’। অর্ণবের মত এমন ক্ষুদে শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল বিষয় নিয়ে উপস্থিত হয়েছিল ৪র্থ গণিত ও বিজ্ঞান উৎসবে।
গণিত ও বিজ্ঞানের ভীতি কাটাতে আর্যভট্ট গণিত পাঠশালার উদোগে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া সাড়ে তিনশ শিক্ষার্থী বিজ্ঞান ও গণিত ভিত্তিক ১৩টি বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিষয়গুলোর মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান ভিত্তিক দেয়ালিকা, রুবিক্স কিউব, সুডোকু, ফিজিক্স অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক আর্টিকেল (ফিকশন), বিজ্ঞানভিত্তিক আর্টিকেল (নন ফিকশন) ইত্যাদি। শ্রেণি অনুযায়ী চারটি বিভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
হেল স্ট্রাটা প্রজেক্ট প্রদর্শনী করেছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সূর্য সাহা ও ওয়ালিদ হাসান। সূর্য সাহা জানায়, তাদের এই যন্ত্রটি দুর্গম পাহাড়ী এলাকার পরিবেশ কোথায় কেমন তা খুঁজে বের করতে সাহায্য করবে। এছাড়া পাহাড়ী এলাকায় গ্যাস থাকলে তাও খুঁজে বের করবে। সাধারণত উন্নত বিশ্বে এ ব্যবস্থা চালু আছে। তারা একটু ভিন্নভাবে এটি ব্যবহার করেছে। এই যন্ত্রটিতে এমন কিছু সংযুক্ত আছে যা দুর্গম এলাকায় চলতে পারবে।
বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট ছাড়াও দেয়াল পত্রিকার প্রদর্শনীতেও ছিল দারুণ চমক। চতুর্থ শ্রেণির ছাত্রী সুপর্ণা পোদ্দার বায়ো ইন ফর মেটিক্স নামে একটি দেয়াল পত্রিকা প্রদর্শন করেছে। কালো কাগজের উপরে ছোট ছোট সাদা কাগজে বিষয়বস্তু ভিত্তিক চমকপ্রদ লেখা।
শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী স্বণালী বিশ্বাস, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্রতীক ঘরামী এবং টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অভিরাজ চক্রবর্তী যৌথভাবে একটি দেয়াল পত্রিকা করেছে। নাম দিয়েছে ডার্ক ইউনিভার্স। যেখানে ব্ল্যাক হোল, নক্ষত্রের জন্ম থেকে শুরু করে ট্রাফিক জ্যামের উপর সচিত্র প্রতিবেদন রয়েছে। মহাবিশ্ব শিরোনামে দেয়াল পত্রিকা পঞ্চম শ্রেণির দুই ছাত্র শুদ্ধ সাহা রায় ও রোহিত সাহা। যেখানে সৌরগজগৎ, পৃথিবী, চাঁদ, সূর্য, তারা ইত্যাদি বিষয়ের বিবরণ রয়েছে।
বিজ্ঞান বিষয়ক এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরেই খুশী তারা। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্র সন্দ্বীপ বিশ্বাস, ওঙ্কার জয়ধর ও গোপীনাথ বিশ্বাস সাম্প্রতিককালের আলোচিত এআই নিয়ে দেয়াল পত্রিকা করেছে। তারা জানিয়েছে, বিজ্ঞান একটি সৃষ্টিশীল কাজ। এ কাজে অংশ নিতে পেরে খুশী তারা। প্রতিযোগিতার মাধ্যমে তারা সৃষ্টিশীল কাজে আরও বেশি মনোযোগী হতে পারে।
আর্যভট্ট গণিত পাঠশালার সভাপতি শাফায়েত আহমেদ সিফাত বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। গণিত ও বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের যে ভয় থাকে সেটি অনেকাংশে দূর হয়। তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের চেষ্টা করে যাচ্ছেন। এ চেষ্টা অব্যাহত থাকবে।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক রেজাউল করিম বলেন, এটি তাদের ৪র্থ গণিত ও বিজ্ঞান উৎসব। আর্যভট্ট ২০১৭ সাল থেকে গণিত ও বিজ্ঞানভীতি দূর করে গণিতকে আনন্দময় করে তুলতে কাজ করে আসছে। প্রতি শুক্রবার নিয়মিত গণিত অলিম্পিয়াড ক্লাসের আয়োজন, বছরে একাধিকবার কর্মশালা ও মিনি অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। এছাড়া কাজী মোতাহার দাবা টুর্নামেন্টের আয়োজন করে আসছে। বিভিন্ন বিদ্যালয়ে স্বল্পকালীন উদ্বুদ্ধকারী ক্লাসের আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্লাবের কার্যক্রম পরিচালনা করে থাকে।
সকালে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। বিকেলে সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সকাল রায়, সমাজসেবক নাসিম শফি, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, আর্যভট্ট গণিত পাঠশালার উদ্যোক্তা রেজাউল করিম প্রমুখ। সভাপতিত্ব করেন আর্যভট্ট গণিত পাঠশালার সভাপতি শাফায়েত আহমেদ সিফাত।

























