বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে ২১ জানুয়ারি
- প্রকাশের সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 178
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।
কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনটি পাওয়ার পর অর্থ উপদেষ্টা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবেন।
অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর করার প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
প্রস্তাবিত বেতনকাঠামোতে নিম্নস্তরের কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ।
বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণের বেশি বাড়তে পারে বলে জানা গেছে। সর্বোচ্চ ধাপে বর্তমানে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ করার সুপারিশ করা হয়েছে।
গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
























