ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’

- প্রকাশের সময় : ০৮:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 380

বিশ্বজুড়ে কার্টুনপ্রেমীদের শৈশবের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে জনপ্রিয় জাপানি কার্টুন ‘ডোরেমন’। তবে নতুন বছরের শুরুতেই ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য এলো এক দুঃসংবাদ। দেশটিতে দীর্ঘদিন ধরে সম্প্রচারিত এই জনপ্রিয় কার্টুনটির টেলিভিশন সম্প্রচার চিরতরে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন (আরসিটিআই) ‘ডোরেমন’ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণায় দেশটির ভক্তদের মধ্যে নেমে এসেছে হতাশা ও আবেগঘন প্রতিক্রিয়া।
নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ‘ডোরেমন’ যেন পরিবারের একজন সদস্যে পরিণত হয়েছিল। স্কুল শেষে টেলিভিশনের সামনে বসে নোবিতার সরলতা, জিয়ান ও সুনিওর দুষ্টুমি এবং ডোরেমনের জাদুর পকেট থেকে বের হওয়া নানা গ্যাজেট উপভোগ করতেন শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। তবে ২০২৫ সালের শেষ দিক থেকেই আরসিটিআই চ্যানেলে ‘ডোরেমন’ অনিয়মিতভাবে প্রচারিত হচ্ছিল, যা শেষ পর্যন্ত সম্প্রচার বন্ধের দিকে গড়ায়।
উল্লেখ্য, জাপানের খ্যাতিমান কার্টুনিস্ট ফুজিকো এফ. ফুজিও ১৯৬৯ সালে সর্বপ্রথম শিশুতোষ এই জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’ নির্মাণ করেন। নীল রোবট বিড়াল ডোরেমন, তার বন্ধু নোবিতা ও অন্যান্য চরিত্রকে ঘিরে তৈরি এই কার্টুন বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
ইন্দোনেশিয়ায় টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় অনেকের কাছেই যেন শৈশবের সোনালি দিনের একটি অংশ হারিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া। তবে আশার কথা হলো, ইন্দোনেশিয়ায় সম্প্রচার বন্ধ হলেও জাপানে ‘ডোরেমন’ নির্মাণ বন্ধ হয়নি। বরং ফুজিকো এফ. ফুজিওর উত্তরাধিকার ধরে রেখে নিয়মিত নতুন পর্ব নির্মাণ করা হচ্ছে, যা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও দর্শকরা উপভোগ করতে পারছেন।






















