এবার দুই দিনেই হারলো অস্ট্রেলিয়া, ১৪ বছরের খরা কাটালো ইংল্যান্ড
- প্রকাশের সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 179
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছিল ইংলিশরা। এরপর একের পর এক সফরে চেষ্টা করেও জয় ধরা দেয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল জো রুট ও বেন স্টোকসের দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে যায়। চার উইকেটের ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এর আগে পার্থ টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল। এর ফলে ১২৯ বছর পর অ্যাশেজ ইতিহাসে একই সিরিজে দুটি টেস্ট দুই দিনের মধ্যে শেষ হওয়ার বিরল ঘটনা ঘটল।
ম্যাচজুড়ে ইংল্যান্ডের বোলাররা দাপট দেখান। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ দুই ইনিংসেই বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। তুলনামূলক ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত চার উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে শুধু একটি টেস্ট নয়, বরং অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিনের হতাশার অধ্যায়ও শেষ করল ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে এই জয় ইংলিশ শিবিরে নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।






















