সরকার উৎখাতে ষড়যন্ত্র : ৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ
- প্রকাশের সময় : ০২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 208
রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এ আদেশ দেন।
অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে সম্পর্কিত মামলায় শওকত মাহমুদকে গত রোববার মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, শওকত মাহমুদসহ আরও অজ্ঞাত আসামিরা এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে দেশের অখণ্ডতা, সংহতি এবং জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে গোপন বৈঠক এবং পরামর্শ করেছে। এছাড়া তিনি অন্য দেশের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করেছেন।
এনায়েত করিম চৌধুরী ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনক চলাচলের সময় আটক হন। প্রাথমিক তদন্তে তার ফোন বিশ্লেষণ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছেন।
রমনা মডেল থানায় এই মামলাটি দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হাকিম। মামলার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের মধ্যে এসএম গোলাম মোস্তফা আজাদ, জাতীয় পার্টির কাজী মো. মামুনুর রশীদ, সাংবাদিক মো. আজহার আলী সরকার ও যুব সংহতির রিফাতুল ইসলাম পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে।






















