ফুটবল বিশ্বকাপের ড্র আজ: কখন, কোথায় ও যেভাবে দেখবেন
- প্রকাশের সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 96
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণী ড্র। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কারা কোন গ্রুপে পড়বে—তার আভাস মিলবে আজই।
ড্র অনুষ্ঠানটি হবে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে। সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায়, যা বাংলাদেশ সময় রাত ১১টা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ড্র সরাসরি দেখা যাবে। ড্রয়ের পরদিনই প্রকাশ করা হবে পূর্ণ ম্যাচ সূচি।
২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এর মধ্যে ৪২ দল নিশ্চিত। বাকি ছয় দল নির্ধারিত হবে আগামী মার্চে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।
ড্রয়ে থাকছে কারা
যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, কনকাকাফ ও ওশেনিয়ার বিভিন্ন দল ড্রয়ে অংশ নিচ্ছে। চারটি ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দল এবং দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী দল মিলিয়ে চূড়ান্ত হবে মোট ৪৮ দল।
কোন পটে কারা
পট ১-এ রয়েছে আয়োজক তিন দলসহ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়ামসহ মোট ১২ দল।
পট ২, ৩ ও ৪-এ র্যাংকিং ও প্লে-অফ বিবেচনায় রাখা হয়েছে অন্যান্য দলগুলোকে।
ফিফা জানিয়েছে—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা পথে রাখা হবে, যাতে সেমিফাইনালের আগে তারা একে অন্যের মুখোমুখি না হয়। একই ফেডারেশনের দল সাধারণত একই গ্রুপে থাকবে না, তবে উয়েফা থেকে ১৬ দল থাকায় কিছু গ্রুপে দুটি ইউরোপিয়ান দল দেখা যাবে।
ড্র প্রক্রিয়া
প্রথমে পট ১ থেকে দল তুলে গ্রুপ নির্ধারণ করা হবে। আয়োজক তিন দলের গ্রুপ আগে থেকেই নির্ধারিত—মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’-তে রয়েছে। বাকি নয় দল যাবে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল গ্রুপে। এরপর পট ২, ৩ ও ৪ থেকে একে একে দল ওঠানো হবে এবং গ্রুপে তাদের অবস্থান নির্ধারণ হবে দৈবচয়ন মাধ্যমে।






















