পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের
- প্রকাশের সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 90
ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার নামে রাজধানীর পূর্বাচলের বরাদ্দ নেওয়া প্লট বাতিল করতে রাজউককে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম সোমবার (১ ডিসেম্বর) প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন। রায়ে মামলার প্রধান আসামি শেখ রেহানাকে ৭ বছর, দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিককে ২ বছর এবং তৃতীয় আসামি শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি রেহানার নামে প্লট বরাদ্দ বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পৃথিবীর যেকোনো স্থানে থাকুক, তাদের বিচার করতে কোনো বাধা নেই।
আদালত পর্যবেক্ষণ করেছে, আবাসন সুবিধা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন ও ভাগ্নিকে প্রভাবিত করে ভুয়া হলফনামা তৈরি করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ নেন।
এ মামলায় আরও সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাজউকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের মধ্যে কয়েকজন কারাগারে থাকলেও বাকিদের পলাতক অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, নিজের নামে বরাদ্দ না থাকলেও তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তার করে নিজের পরিবারের জন্য প্লট বরাদ্দ নিশ্চিত করেছেন। এছাড়া শেখ রেহানাও প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার কাছে আবদার করেছিলেন।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি মাসে পৃথক ছয়টি মামলা করা হয়। এর মধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর আগে শেখ হাসিনার ৭ বছরের কারাদণ্ডসহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে।
























