আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই শাকিব খান
- প্রকাশের সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 90
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ছিলেন ঢাকা ক্যাপিটালসের পাশে। খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়া থেকে শুরু করে দল পরিচালনার নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার উপস্থিতি দল ও বিপিএলকে ঘিরে ভক্তদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করেছিল।
তবে চলতি মৌসুমে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিসিবির সঙ্গে ঢাকা ক্যাপিটালসের পুনরায় চুক্তি হলেও শাকিব খান এবার আর দলটির নেতৃত্ব, মালিকানা কিংবা ব্যবস্থাপনায় কোনো ভূমিকায় থাকছেন না। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে আজ বিকেল ৪টায় রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে শুরু হয় বিপিএলের বহুল প্রত্যাশিত নিলাম। এবারের আসরে অংশ নেবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস।
নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। একটি দলে সর্বোচ্চ ১৬ জন দেশি খেলোয়াড় রাখা যাবে। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে ন্যূনতম দুইজন নেওয়া বাধ্যতামূলক হলেও সর্বোচ্চ সংখ্যায় কোনো সীমা নেই। সব মিলিয়ে প্রতিটি দলের সর্বোচ্চ স্কোয়াড সদস্য সংখ্যা হবে ২২ জন।






















