প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
- প্রকাশের সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 80
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করা হয়। রায়কে কেন্দ্র করে আদালত এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়; মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য।
দুদক জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য থাকা সত্ত্বেও ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। গত জানুয়ারিতে দুদক পৃথক ৬টি মামলা করে, যার মধ্যে ৩টির রায় আজ ঘোষণা হয়। মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক কর্মকর্তা আসামি ছিলেন।
মামলাগুলোর তদন্ত শেষে দুদক অভিযোগপত্রে উল্লেখ করে যে, আসামিরা যোগসাজশে অবৈধভাবে প্লট বরাদ্দ আদায় করেন। তবে একমাত্র গ্রেপ্তার থাকা আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়; পলাতক থাকা অন্য আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন মামলায় শেখ হাসিনাকে পৃথক সাজায় মোট ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন।






















