রামপুরায় হত্যা : মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা
- প্রকাশের সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 102
রামপুরায় গুলি করে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই-আগস্ট মাসে রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত-বিন-আলম, পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং সাবেক ওসি মশিউর রহমানকে আসামি করা হয়েছে। রেদোয়ানুল ও রাফাত বর্তমানে সেনা হেফাজতে আছেন। অন্য দুই আসামি পলাতক।
আজ পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ এবং অভিযোগ গঠনের তারিখ নির্ধারণের সম্ভাবনাও রয়েছে।
























