জামদানি পরে শাপলায় হাজির মিথিলা, কাঁদলেন আবেগে

- প্রকাশের সময় : ০২:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 138

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আয়োজনের ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তানজিয়া জামান মিথিলা। তিনি বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি পরিধান করে মঞ্চে হাজির হন।
মিথিলা নির্বাচিত করেছেন সাদা জামদানি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম – দ্য কুইন অব বেঙ্গল।’
তিনি বলেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে পরেছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি। এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’ ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘স্টেজ থেকে নামার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছিল। অনেক আবেগ কাজ করছিল। মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির ব্যাপার, সেটা মঞ্চে ওঠার পরই টের পাওয়া যায়।’
আগামীকাল প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। মিথিলাকে ঘিরে উত্তেজনা এখন পুরো বাংলাদেশে।






















